মিয়ানমারে সেনাবাহিনীর সদস্যদের হেফাজতে এক ফ্রিল্যান্স ফটো সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সদ্য প্রাণ হারানো সংবাদকর্মীর পরিবারের দাবি, গেল সপ্তাহে বিক্ষোভকারীদের ছবি তোলার সময় গ্রেফতার করা হয়েছিল কো সোয়ে নাইং নামে ওই সাংবাদিককে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের বিতর্কিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে সরকার উৎখাতের পর এবারই প্রথম সেনা হেফাজতে কোনো সাংবাদিকের মৃত্যু হলো।
সেনাবাহিনীর বিতর্কিত অভ্যুত্থানের পর এ পর্যন্ত অন্তত ১০০ জনেরও অধিক সাংবাদিককে আটক করা হয়েছে। যদিও এদের মধ্যে প্রায় অর্ধেককে ছেড়ে দিয়েছে বার্মিজ জান্তা সরকার।
স্বজনদের বরাতে করা প্রতিবেদনে আল-জাজিরা জানায়, কো সোয়ে নাইং একজন গ্রাফিক ডিজাইনার এবং সে একজন ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন। তাকে গেল শুক্রবার (১০ ডিসেম্বর) গ্রেফতার করা হয়েছিল। তখন তিনি এবং তার এক সহকর্মী ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলে সামরিক শাসনের বিরোধীদের ডাকা ধর্মঘটের ছবি তুলছিলেন।
কো সোয়ে নাইং প্রথম বন্দি নন যিনি সামরিক কর্মকর্তাদের হেফাজতে প্রাণ হারালেন। যদিও এর আগে যারা মারা গেছেন তারা হয়তো কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন।
বিশ্লেষকদের মতে, চলতি বছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে। সু চিকে উৎখাতের মাধ্যমে বার্মিজ সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে সংঘাত-সংঘর্ষ লেগেই আছে। সেনাবিরোধিতায় তৈরি হয়েছে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে মিলিশিয়া।
অভ্যুত্থানের পর ৭৬ বছর বয়সী গৃহবন্দি সু চির বিরুদ্ধে এক ডজন মামলা দায়ের করে ক্ষমতাসীন সামরিক সরকার। মামলাগুলো যেসব অভিযোগে করা হয়েছে তার মধ্যে, রাষ্ট্রের গোপন তথ্য পাচার, নিয়ম বহির্ভূতভাবে ওয়াকি টকি রাখা ও ব্যবহার, ক্ষমতায় থাকাকালে ঘুষ গ্রহণ, নিজের দাতব্য সংস্থার নামে অবৈধভাবে ভূমি অধিগ্রহণ ও করোনা পরিস্থিতি সামাল দেওয়ায় গাফিলতিসহ উত্তেজনা সৃষ্টি এবং কোভিড-১৯ প্রোটোকল লঙ্ঘনের মাধ্যমে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভাঙার বিষয়টি রয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে ক্ষমতাচ্যুত হলেও মূলত গত জুন থেকে রাজধানী নেইপিদোর বিশেষ সামরিক আদালতে এসব মামলার বিচার কার্যক্রম শুরু হয়। রয়টার্স বলছে, এসব মামলায় সু চির সর্বোচ্চ শাস্তি হলে মোট কারাদণ্ডের মেয়াদ ১০০ বছর ছাড়িয়ে যেতে পারে। তবে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
৭৬ বছর বয়সী সু চির সমর্থকরা বলছেন, তাদের নেত্রীর বিরুদ্ধে জান্তা সরকারের দায়ের করা এসব মামলা ভিত্তিহীন। তাদের অভিযোগ, সু চির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতেই এসব মামলা দায়ের করা হয়েছে।
অবশ্য মিয়ানমারের জান্তা সরকার বলছে, সু চির প্রশাসনের নিয়োগ করা বিচারক এবং স্বাধীন আদালতে সুষ্ঠু কার্যবিধি মেনেই এই বিচার কার্যক্রম চলছে।
উল্লেখ্য, গৃহবন্দি হওয়ার পর থেকে সু চিকে খুব একটা দেখা যায়নি। যদিও জান্তা সরকারের দাবি, সু চি বর্তমানে সুস্থ আছেন এবং এরই মধ্যে তাকে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনও দেওয়া হয়েছে।